সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের এক শাখা ব্যবস্থাপকের কীটনাশক পানে মৃত্যু হয়েছে। অডিট চলাকালে এ ঘটনা ঘটার পর অডিট কমিটির তিন সদস্যকে জনরোষ থেকে নিরাপত্তার জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে তাদের এখনো গ্রেপ্তার বা আটক দেখানো হয়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম (৫০) নিমগাছী গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক ছিলেন। তিনি গ্যাস ট্যাবলেট সেবনের পর অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সহকর্মীরা জানান, কয়েক দিন ধরে শাখাটিতে অডিট কার্যক্রম চলছিল। এ সময় আব্দুস সালামকে হতাশাগ্রস্ত দেখা যায়। ঘটনার পর বিক্ষুব্ধ ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা অডিট কমিটির সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অডিট কমিটির তিন সদস্যকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগও দেয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিহতের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। অডিটের চাপের কারণে আব্দুস সালামের মৃত্যু হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।




