ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেছেন, কিশোর-শিশু ও তরুণরাই আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাই সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে—সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। তাদের কোনোভাবেই মাদক বা অপরাধসহ অপকর্মে জড়িয়ে পড়তে দেওয়া যাবে না।
বৃহস্পতিবার সকালে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উপলক্ষে নবনির্মিত ‘অ্যাথেনিয়াম’ লাইব্রেরি উদ্বোধন এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদ চত্বরে লাইব্রেরিটি উদ্বোধনের পর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার। তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত ও সময়মতো আসতে হবে। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলেই সমাজ ও দেশের উন্নতি সম্ভব।
তিনি বলেন, জেলা প্রশাসক, ইউএনও, কৃষি কর্মকর্তা ও পুলিশসহ সরকারি কর্মকর্তারা জনগণের সেবায় নিয়োজিত। যেকোনো সমস্যা নিয়ে তাদের কাছে আসার আহ্বান জানান তিনি।
মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মনিরুজ্জামান মিঞা বলেন, শিশু-কিশোর ও তরুণদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে। তাদের দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে হবে। সবার আগে বাংলাদেশ—এই ধারণা ধারণ করে সমাজ ও দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কন্যাশিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রমের জন্য হারমোনিয়াম, গিটার ও তবলা দেওয়া হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।




