সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঐতিহাসিক শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারের দানবাক্সে তিন মাসে ১০ লাখ ১৪ হাজার টাকা জমা পড়েছে। সোমবার মাজারের দানবাক্স খোলার পর এসব টাকা পাওয়া যায়।
উপজেলার হাড়িয়াল নওগাঁয় অবস্থিত মাজারের দানবাক্স খোলার পর রাত ৯টার দিকে গণনা শেষ হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। এ সময় মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
গণনা শেষে নিরাপত্তার স্বার্থে পুরো টাকা রাতেই তাড়াশ থানা পুলিশের হেফাজতে রাখা হয়। মঙ্গলবার বিকেলে মাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও নুসরাত জাহানের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী টাকা গণনা করা হয়। এতে মোট ১০ লাখ ১৪ হাজার টাকা পাওয়া যায়। পরে নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা রাখা হয়েছে।
ইউএনও নুসরাত জাহান বলেন, মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ মাজারের উন্নয়ন ও সংস্কারসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যয় করা হয়। পাশাপাশি নিয়ম অনুযায়ী বিভিন্ন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে অনুদান দেওয়া হয়ে থাকে। তিনি আরও বলেন, মানুষের দানের অর্থ যেন স্বচ্ছতা ও নিয়মের মধ্যে ব্যবহার করা হয়, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিশ্চিত করা হচ্ছে।




