পাবনার ঈশ্বরদীতে তিনতলা একটি আবাসিক ভবনে গোপনে মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার নতুনহাট এলাকায় ব্র্যাক কার্যালয়ের পাশের ওই ভবনে অভিযান চালিয়ে ১০০ লিটার তৈরি মদ, প্রায় ২ হাজার লিটার মদ তৈরির কাঁচামাল (জাওয়া) এবং উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাভেদ জাফর (৫৬) ও মো. উজ্জ্বল (৪৫)। তাদের মধ্যে জাভেদ জাফর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। অন্যদিকে, উজ্জ্বল ওই তিনতলা ভবনের মালিক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবনটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাওয়া, তৈরি মদ ও মদ উৎপাদনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, এসব মদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকদের কাছে বিদেশি মদ হিসেবে বিক্রি করা হতো। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




