সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছিল পরিচয়। ধীরে ধীরে সেই পরিচয় রূপ নেয় ভালোবাসায়। একপর্যায়ে হাজার মাইলের দূরত্বও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দীর্ঘদিনের প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে এসে যশোরের বেনাপোলে এক যুবককে বিয়ে করেছেন নূর হায়াতি (২৭) নামে এক তরুণী। দুই দেশের দুই নাগরিকের এই বিয়ে ঘিরে এলাকায় তৈরি হয়েছে আনন্দ, কৌতূহল ও ব্যাপক আলোচনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরের নাম সোহাগ হোসেন (৩৪)। তিনি যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নিলুফা খাতুন দম্পতির ছেলে। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন সোহাগ। সেখানে থাকাকালীন সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নূর হায়াতির সঙ্গে তার পরিচয় হয়।
প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে কথাবার্তা, এরপর নিয়মিত যোগাযোগের মধ্য দিয়ে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একপর্যায়ে তাদের বন্ধুত্ব রূপ নেয় প্রেমের সম্পর্কে। দীর্ঘদিনের এই সম্পর্ককে স্থায়ী রূপ দিতে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে মালয়েশিয়া ছেড়ে বাংলাদেশে আসেন নূর হায়াতি।
সম্প্রতি শার্শার ডুপপাড়া গ্রামে সোহাগের নিজ বাড়িতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভিনদেশি তরুণীকে বধূ হিসেবে পেয়ে সোহাগের পরিবারেও আনন্দের পরিবেশ তৈরি হয়। খবর ছড়িয়ে পড়লে বিদেশি বধূকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ ও আত্মীয়-স্বজন। তাদের উপস্থিতিতে বিয়ের বাড়ি পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।
শনিবার (২৮ নভেম্বর) বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় স্বজন ও এলাকাবাসী নবদম্পতির নতুন জীবনের জন্য শুভকামনা জানান।
স্থানীয়দের কাছে ঘটনাটি বেশ ব্যতিক্রমী। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভার্চুয়াল পরিচয় থেকে শুরু হওয়া সম্পর্ক শেষ পর্যন্ত বাস্তব জীবনের সংসারে রূপ নিয়েছে। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির ব্যবধান পেরিয়ে দুই তরুণ-তরুণীর এই একসঙ্গে পথচলার সিদ্ধান্ত এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
টিকটকের মাধ্যমে শুরু হওয়া পরিচয় যে একদিন বিয়ের বন্ধনে গড়াতে পারে, সোহাগ ও নূর হায়াতির ঘটনা তারই একটি উদাহরণ হয়ে উঠেছে। নতুন এই দম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের প্রত্যাশা করছেন পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী।