সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় কম্বল, রসুন, ফুসকাসহ বিভিন্ন মালামাল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধীন চাঁনপুর, মাছিমপুর ও চিনাউড়া বিওপির সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে আনা ভারতীয় কম্বল, রসুন, ফুসকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে জব্দ করা মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।




