নারায়ণগঞ্জের ভুইগড়ের ভগবাড়ি এলাকায় একটি গোয়ালঘরে আগুন লেগে তা ছড়িয়ে পড়েছে আশপাশের আরও দুটি বাড়িতে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গোয়ালঘরে আগুন লাগার পর দ্রুত তা আশপাশের দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রায় ৩০ মিনিট পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাতের প্রকৃত কারণও নিশ্চিত হওয়া যায়নি।