গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আবদুস সবুর। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা বাধা বা আইনগত জটিলতার মুখে পড়লে প্রেস কাউন্সিল পাশে থাকবে। তবে কোনো সাংবাদিক ব্যক্তিগতভাবে ফৌজদারি অপরাধে জড়ালে তার দায় প্রেস কাউন্সিল নেবে না।
বুধবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস কাউন্সিলের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও অধিকার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সবুর বলেন, সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া হলে পেশাগত কাজে তাদের আইনগত অবস্থান শক্তিশালী হয়। তথ্য সংগ্রহে বস্তুনিষ্ঠতা বজায় রাখার পাশাপাশি তথ্য অধিকার আইন অনুযায়ী প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেন তিনি। তথ্য না পেলেই কোনো প্রতিষ্ঠানকে নিয়ে ঢালাও সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান।
প্রশাসনকে সাংবাদিকদের প্রতিপক্ষ হিসেবে না দেখার পরামর্শ দিয়ে তিনি কপি-পেস্ট সাংবাদিকতা পরিহার করে নিজস্ব অনুসন্ধান ও মেধার মাধ্যমে সংবাদ প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি সংবাদপত্র প্রকাশের আইনগত প্রক্রিয়া ও ১৯৭৩ সালের ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন’ মেনে চলার বিষয়েও আলোচনা করেন।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের সভাপতিত্বে কর্মশালায় জেলা তথ্য অফিসের কর্মকর্তারা এবং প্রেসক্লাব যশোরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে জেলার বিভিন্ন উপজেলার ৪৫ জন তালিকাভুক্ত সাংবাদিক অংশ নেন।




