ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়া জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হলো।
বুধবার (৭ অক্টোবর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন জমা দেন ওবায়দুল্লাহ মাসুদ। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা, ঐক্য ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। দল যাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে, তাঁর পক্ষে তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থিতা প্রত্যাহারের আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই আসনে বিএনপির দুই নেতা মনোনয়নপত্র জমা দেওয়ায় দলীয় প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে নেতাকর্মী ও ভোটারদের মধ্যে কৌতূহল ছিল। ওবায়দুল্লাহ মাসুদের সরে দাঁড়ানোর মধ্য দিয়ে সেই অনিশ্চয়তার অবসান হলো।
এ আসনে বিএনপি ছাড়াও বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
তফসিল অনুযায়ী, ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।




