বন্ধ্যাত্বের চিকিৎসা এবং জরায়ুর বিভিন্ন ত্রুটি ও সমস্যা নির্ণয়ে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির ব্যবহার ও কার্যকারিতা নিয়ে রংপুরে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) রংপুর শাখা এ সেমিনারের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজুল ইসলাম। ওজিএসবির কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসমিনের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. আরিফুল ইসলাম এবং ডা. মৌমি আফরোজ।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ডা. লায়লা হুসনা বানু, অধ্যাপক ডা. ফেরদৌস সুলতানা, অধ্যাপক ডা. কামরুন নাহার জুঁই, ডা. হামিদা বেগম, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ডা. আজিজা বেগম, অধ্যাপক ডা. আনিসা বেগম ও কোষাধ্যক্ষ ডা. সফুরা খাতুনসহ অন্যরা।
আলোচনায় বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা, জরায়ুর বিভিন্ন সমস্যা শনাক্তকরণ এবং স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির ভূমিকা তুলে ধরা হয়। এতে রংপুরের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা অংশ নেন।




