নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তার নির্দেশে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে স্থানীয় বিএনপি নেতারা নিহতের পরিবারের হাতে এক লাখ টাকার অনুদান তুলে দেন। এ সময় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমাকে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরিবারের জন্য পাঠানো হয় পোশাকসামগ্রীও।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। দুর্বৃত্তদের ছয়টি গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় শুক্রবার রাতে তার স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।
সহায়তা হস্তান্তরের সময় দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া বলেন, ডেপুটি স্পিকার অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে। হত্যাকাণ্ডে জড়িতরা যাতে পার না পায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। স্বামী হত্যার ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন আনন্দিতা সাংমা। তিনি বলেন, যারা তার দুই সন্তানকে এতিম করেছে, তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
আলিফ ফকির সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন। তিনি বেসরকারি আইপি টিভি ‘রূপসী বাংলা’র নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় দুর্গাপুরে শোক ও ক্ষোভ বিরাজ করছে। জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।




