শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা যুবদলের সহ-সভাপতি শাহনূর বেপারী শানু। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী ও পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক জিয়ার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান তিনি।
পরিদর্শনকালে শাহনূর বেপারী শানু বলেন, দুর্গোৎসব যেন আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপিত হয়, সে জন্য সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। উৎসবের পরিবেশ সুন্দর রাখতে এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়াতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক, পৌর বিএনপির সহ-সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয়ক মো. দীন মো. জিল্লু, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সফিক বেপারী, সহ-সভাপতি সাহাদাত হোসেন বাটু, যুবদল নেতা ঢালী ফারুক ও আজাদ মোল্লাসহ অন্য নেতাকর্মীরা।