রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই-বড়াদম সড়কের লাভ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোকেল চাকমা (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্বাগত চাকমা (১৯) ও শান্ত চাকমা (১৯) নামে আরও দুজন আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত তিনজনই জেলার বরকল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত স্বাগত চাকমার বাড়ি বরকল উপজেলার হরিনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাগলকছড়া এলাকায়। তার বাবা উদঙ্গমনি চাকমা ও মা চঞ্চলা চাকমা। অন্য আহত শান্ত চাকমার বাড়ি আইমাছড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সিয়াম পাড়ায়। তার বাবা রিটেন চাকমা ও মা মলিনা চাকমা।