তরুণ সমাজকে মাদক, জুয়া ও ক্যাসিনোর আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে ফুটবল, ক্রিকেট ও গ্রামীণ খেলাধুলার প্রসারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর কোয়ার্টার ফাইনাল খেলা উপভোগ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তরুণদের একটি অংশ মাদক, জুয়া ও ক্যাসিনোতে আসক্ত হয়ে খেলাধুলা থেকে দূরে সরে গিয়েছিল। তাদের মাঠমুখী করতে কিশোর ফুটবল টুর্নামেন্ট চালুর পর জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পর্যায়ক্রমে সিনিয়র ডিভিশন ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, সুস্থ জীবন ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ জন্য স্থানীয় ও গ্রামীণ খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে।
এদিন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে অভিযান সংঘ ২-০ গোলে মর্নিং স্টার ফুটবল একাডেমিকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। অন্য ম্যাচে নবাবেরহাট আদর্শ ক্লাব ও পাটগ্রাম ফুটবল একাডেমির খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে পাটগ্রামকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নবাবেরহাট আদর্শ ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক।