নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের স্টেশন রোডে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করে জব্দ করা মালামাল ১৭ হাজার ১৬০ টাকায় নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এ অভিযান চালানো হয়। পরে বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দ করা মালামালের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা খাতুন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিলামে পান-সুপারির ডালি, বিভিন্ন ধরনের ঝুড়ি, প্লাস্টিকের র্যাক ও চেয়ার, শিশুদের খাট ও টেবিল, বালতি, ট্রে, মাদুরসহ নানা ধরনের সামগ্রী বিক্রি করা হয়। নিলামে সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, শহরের ব্যস্ততম স্টেশন রোডের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে দোকান বসিয়ে ব্যবসা করছিলেন কয়েকজন ব্যবসায়ী। এতে যানজটের পাশাপাশি পথচারীদের চলাচলে দুর্ভোগ তৈরি হচ্ছিল। এর আগে কয়েক দফায় অবৈধ দোকান সরিয়ে দেওয়া, সতর্ক করা ও জরিমানা করার পরও আবার ফুটপাত দখল করে দোকান বসানো হয়। এ কারণে এবার মালামাল জব্দ করে নিলামে বিক্রির পদক্ষেপ নেয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, ফুটপাত দখল করে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্কও করা হয়েছে। জনস্বার্থে শহরের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




