শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোরে সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুর্গাপূজার সপ্তমীতে শহরের লালদীঘির পাড়ে হরিসভা মন্দিরের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শোভাযাত্রার উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস এবং দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম উদ দ্দৌলা।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সুরধ্বনীর সভাপতি হারুন অর রশীদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




