সংস্কৃতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি। আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক আইন অনুযায়ী কোনো দেশের হেফাজতে সাজাপ্রাপ্ত আসামি থাকলে তাকে সংশ্লিষ্ট দেশের কাছে হস্তান্তরের বিধান রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় মাগুরার মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান কলেজের একটি কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, ভারতে অবস্থান করে তারা ষড়যন্ত্র করছে। গোপালগঞ্জকে ষড়যন্ত্রের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। টুঙ্গিপাড়ায় সাধারণ মানুষের বাড়িঘর ও রাজনৈতিক নেতাদের বাসভবনে অগ্নিসংযোগ, রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহম্মদপুর উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমুর আলী মৃধার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান ও মিথুন রায় চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা।