সিরাজগঞ্জের বাজারে দেশি-বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়েছে। এতে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে অনেক ফল। ব্যবসায়ীরা বলছেন, মোকামে দাম বেশি হওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।
ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে, বর্তমানে বাজারে প্রতি কেজি কমলা ৫৫০ টাকা, মালটা ৪৮০ থেকে ৫০০ টাকা, আপেল ৩৫০ থেকে ৪০০ টাকা, আঙুর ৪৫০ টাকা, বেদানা ৪৫০ থেকে ৫০০ টাকা, পাকা পেঁপে ৬০ থেকে ৮০ টাকা, ড্রাগন ১৪০ থেকে ১৬০ টাকা এবং পেয়ারা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদিত মালটা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে।
এ ছাড়া দেশি ফলের মধ্যে কাটিমন আম ২০০ টাকা এবং তরমুজ ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফল ব্যবসায়ীরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার প্রায় সব ধরনের ফলের দাম বেশি। ফল কিনতে আসা তৌফিকা নাসরিন বলেন, এ বছর বাজারে দেশি-বিদেশি সব ধরনের ফলের দামই বেশি। এসব দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। আয় বাড়ছে না, অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে ফলের দামও বাড়ছে।
সিরাজগঞ্জ শহরের ফল ব্যবসায়ী আবুল হোসেন বলেন, এবার মোকামেই ফলের দাম বেশি। তাই বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দাম কম থাকলে বিক্রি যেমন বাড়ে, তেমনি ব্যবসায়ীদের লাভও ভালো হয়। বর্তমানে বেশি দামে ফল কিনে বিক্রি করতে না পারলে অনেক সময় ফল নষ্ট হয়ে লোকসান গুনতে হয়।




