দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে যশোরের ভবদহ অঞ্চলের মানুষকে মুক্তি দিতে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। চলমান খাল খনন কার্যক্রমের পাশাপাশি নতুন করে আরও খাল খনন, পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং কৃষিজমি চাষের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবদহের স্থায়ী সমাধানে পদ্মা ব্যারেজ প্রকল্পও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সরকারের চার মন্ত্রী।
শনিবার (২৮ নভেম্বর) বৃহত্তর যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব পরিকল্পনার কথা তুলে ধরেন তারা। সভায় ভবদহের ভুক্তভোগী বাসিন্দাদের বক্তব্য ও দীর্ঘদিনের সমস্যাগুলোও শোনেন মন্ত্রীরা।
সভা শেষে পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী বলেন, ভবদহ এলাকায় বর্তমানে ৮১ কিলোমিটার খাল খননের কাজ চলছে, যা আগামী জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। এরই মধ্যে কাজের দৃশ্যমান অগ্রগতি হয়েছে এবং স্থানীয় মানুষ এর সুফল পেতে শুরু করেছেন। পরবর্তী সময়ে আমডাঙ্গা খাল নতুন করে খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, শিবশাহ নদীর সঙ্গে পানির স্বাভাবিক সংযোগ ও প্রবাহ বজায় রাখতে আরও প্রায় ৫০ কিলোমিটার খাল খননের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করছে। চলমান প্রকল্পের বাকি কাজ আগামী অর্থবছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
পানি সম্পদমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহের পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন। তিনি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় কাজ দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। জনগণের সরকার হিসেবে বর্তমান সরকার মানুষের সমস্যাকে গুরুত্ব দিয়েই পরিকল্পনা বাস্তবায়ন করছে।
পর্যালোচনা সভায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দেড় মাসের মধ্যেই প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন করিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ সালে প্রকল্পটির উদ্যোগ নিয়েছিলেন। ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাই চললেও পরবর্তী সময়ে প্রকল্পটি বাতিল করা হয়।
তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ, পশ্চিম ও উত্তরাঞ্চলের কৃষি, পানি ব্যবস্থাপনা এবং পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। আগামী সাত বছরের মধ্যে প্রকল্পটি দৃশ্যমান করার লক্ষ্য রয়েছে। তবে পদ্মা ব্যারেজের কাজ শেষ হওয়ার অপেক্ষায় না থেকে ভবদহের তাৎক্ষণিক সমস্যা সমাধানেও সরকার কাজ করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, সব প্রকল্পের কাজ স্বচ্ছতার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে ভবদহের সমস্যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। সরকার চায় না, এ অঞ্চলের মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে আরও যুগের পর যুগ অপেক্ষা করতে হোক। দ্রুত সমস্যা সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ভবদহের স্থায়ী সমাধানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) কার্যক্রম অবশ্যই বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগটি সহযোগী প্রকল্প হিসেবে কাজ করবে। এর লক্ষ্য আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার কৃষিজমি আবার চাষাবাদের উপযোগী করে তোলা। ভবদহের মাটি অত্যন্ত উর্বর উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীও নিয়মিত এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ভবদহের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়া প্রয়োজন। এ সমস্যা সমাধানে অতীতে বেগম খালেদা জিয়ার সহযোগিতায় তরিকুল ইসলাম বিভিন্ন উন্নয়ন উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় কাজ করছে।
সভাপতির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভবদহের স্থায়ী সমস্যা সমাধানে অতীতে বেগম খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় ১৯৯১-৯৬ এবং ২০০১-২০০৬ মেয়াদে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানও তার বাবা-মায়ের দেখানো পথে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করছেন। ভবদহের উন্নয়ন কার্যক্রমও সেই লক্ষ্যেই এগিয়ে নেওয়া হচ্ছে।
সভায় বক্তব্য দেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুন উর রশিদ।
এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত সভাপতি গাজী আব্দুল হামিদ, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ ভবদহ অঞ্চলের বাসিন্দারা উপস্থিত ছিলেন। আয়োজিত সভায় স্থানীয় মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা, কৃষি ও পানি নিষ্কাশন সমস্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।




