ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহতের ঘটনায় জামালপুরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সাতজনেরই বাড়ি জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরীফপুর ইউনিয়নে। তাঁদের মধ্যে একই পরিবারের চারজন—মা, মেয়ে, নাতি ও এক স্বজন রয়েছেন।
নিহতরা হলেন রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন লেবু, তাঁর মা রাশিদা বেগম, মেয়ে মর্জিনা ও মর্জিনার ছেলে শিশু মিনান এবং বীর গোবিন্দবাড়ী গ্রামের সুজন আলী। শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামের আক্রাম আলী ও তাঁর স্ত্রী মমতা বেগমও এ দুর্ঘটনায় নিহত হন।
স্বজনরা জানান, গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে মোফাজ্জল হোসেন লেবু তাঁর মা, অন্তঃসত্ত্বা মেয়ে ও নাতিকে নিয়ে বাড়ি থেকে বের হন। নান্দিনা থেকে সিএনজিযোগে ময়মনসিংহ যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা।
একসঙ্গে পরিবারের চার সদস্যের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে জামালপুরে নেওয়ার কথা রয়েছে। শনিবার সকাল ১০টায় নিজ নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।