ময়মনসিংহের ফুলপুরে এক কৃষককে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর নিজ বাড়ির পেছনের একটি ডোবা থেকে সাম্মত আলী (৬৯) নামের ওই বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিয়া কান্দা গ্রামে এ ঘটনা সামনে আসে। বাড়ির পেছনে ডোবার জঙ্গলে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনদের বরাতে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে গ্রামের একটি মসজিদে ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন সাম্মত আলী। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় অনুসন্ধান করেও তার সন্ধান পাননি। শেষ পর্যন্ত বাড়ির কাছেই মেলে তার মরদেহ।
এ হত্যাকাণ্ডের পেছনে জমিজমা নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে। নিহতের ছেলে আবদুর রহমানের অভিযোগ, প্রতিবেশীদের সঙ্গে তার বাবার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। সম্প্রতি আদালতে ওই মামলার রায় সাম্মত আলীর পক্ষে আসে। এর জেরে প্রতিপক্ষের কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে পরিবারের সন্দেহ।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, নিখোঁজ হওয়ার দুই দিন পর বাড়ির পাশের জলাশয় থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জমি নিয়ে বিরোধের বিষয়টি পুলিশ জানতে পেরেছে। পরিবারের অভিযোগ ও অন্যান্য তথ্য যাচাই করে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।