মাঠজুড়ে পাকা আমন ধান। কোথাও চলছে ধান কাটা, কোথাও মাড়াই, আবার কোথাও কাটা ধান শুকিয়ে ঘরে তোলার প্রস্তুতি। ঠিক এমন সময়ে টানা দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কৃষকের সেই ব্যস্ততায় বাড়তি উদ্বেগ তৈরি করেছে। বৃষ্টিতে মাঠের পাকা ও কাটা ধান ভিজে যাওয়ায় ফসলের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর সঙ্গে ধানের কম দাম ও উৎপাদন খরচের চাপ তো রয়েছেই।
গত শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে নওগাঁর নিয়ামতপুর উপজেলার কৃষকেরা পড়েছেন বিপাকে। আবহাওয়ার অনিশ্চয়তায় কেউ দ্রুত ধান কাটছেন, আবার কেউ কাটা ধান নিরাপদে ঘরে তোলার চেষ্টা করছেন। সময়মতো রোদ না পেলে ধান নষ্ট হওয়া, রং পরিবর্তন ও অঙ্কুরোদ্গমের আশঙ্কা করছেন তারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নিয়ামতপুরে ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এ মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৮২০ মেট্রিক টন। হেক্টরপ্রতি সম্ভাব্য উৎপাদন ৫ দশমিক ৭২ মেট্রিক টন।
উপজেলার পাঁড়ইল ইউনিয়নের উষ্ঠিপাড়া গ্রামের কৃষক মোতাহের আলী বলেন, প্রায় এক একর জমির আমন ধান কেটে মাঠে রাখা হয়েছে। বৃষ্টির কারণে সেগুলো ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় কয়েক দফা সেচ দিতে হয়েছে। এতে খরচ বেড়েছে। অথচ বাজারে ধানের দাম কম, আড়তদাররাও সরকার নির্ধারিত দামে ধান কিনছেন না। বর্তমান বাজারদর অব্যাহত থাকলে লাভের পরিবর্তে ঋণের বোঝা বাড়বে।
ভাবিচা গ্রামের কৃষক এনতাজ আলী বলেন, মাঠের পাকা ধান দ্রুত ঘরে তুলতে না পারলে ফলনের পাশাপাশি গুণগত মানও ক্ষতিগ্রস্ত হতে পারে। ধানের দাম কম, শ্রমিক সংকট এবং উৎপাদন খরচ বেশি হওয়ায় এমনিতেই কৃষকেরা চাপে রয়েছেন। এর মধ্যে বৃষ্টি নতুন করে বিপদ তৈরি করেছে।
এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলায় আমন ধান কাটা অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে, আগামী দু-এক দিনের মধ্যে আবহাওয়া অনুকূলে আসবে। তার মতে, বর্তমান বৃষ্টিতে আমন উৎপাদনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।