মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৩ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (২২ নভেম্বর) ভোরে সীমান্তের রংমহল মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করে ৪৭ বিজিবির একটি টহল দল।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রংমহল মাঠ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় এক কেজি ভারতীয় গাঁজা, ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩ হাজার ৫০০ টাকা। পরে জব্দ করা মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।