দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিটের পূর্ণ উৎপাদন সক্ষমতা ফিরিয়ে আনতে ৮৬৯ কোটি ৯৭ লাখ টাকার প্রকল্প প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। প্রকল্পটি বাস্তবায়িত হলে ইউনিট দুটির হারানো ২০ থেকে ৩০ মেগাওয়াট সক্ষমতা পুনরুদ্ধারের পাশাপাশি পূর্ণ ১০০ মেগাওয়াট উৎপাদনের সুযোগ তৈরি হবে।
প্রস্তাবিত প্রকল্পে ৬৫৬ কোটি ৯৮ লাখ টাকা বৈদেশিক ঋণ, ২০০ কোটি ৫৮ লাখ টাকা সরকারি তহবিল এবং ১২ কোটি ৪০ লাখ টাকা বিপিডিবির নিজস্ব অর্থায়নের কথা রয়েছে। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে ঋণ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। প্রকল্পের প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) নীতিগত অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
১৯৮৮ সালে স্থাপিত ৪ ও ৫ নম্বর ইউনিটের প্রতিটির উৎপাদন সক্ষমতা ৫০ মেগাওয়াট। দীর্ঘদিন ব্যবহারের ফলে যান্ত্রিক ও কাঠামোগত সমস্যায় বর্তমানে প্রতিটি ইউনিটে ৩০ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ইউনিট দুটির সর্বশেষ সংস্কার হয় ২০১০ ও ২০১১ সালে।
সংস্কার প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১৮ সালে। তবে ক্রয়সংক্রান্ত জটিলতায় সাত বছরের বেশি সময় ধরে তা আটকে রয়েছে। এ পর্যন্ত তিনবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলেও বিভিন্ন কারণে সেগুলো বাতিল হয়েছে। ফলে জরুরি ওভারহল ছাড়াই অস্থায়ী মেরামতের মাধ্যমে ইউনিট দুটি চালু রাখা হয়েছে।
প্রকল্পের আওতায় রোটর রিম সাপোর্ট, স্টেটর কয়েল, রোটর পোল, ইনসুলেশন, টারবাইনের রানার, শ্যাফট সিল ও বিয়ারিংসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সংস্কার ও পরিবর্তন করা হবে। পাশাপাশি গভর্নর, অটোমেশন, কন্ট্রোল ও অন্যান্য সহায়ক ব্যবস্থার উন্নয়ন করা হবে।
কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, প্রকল্প বাস্তবায়নে প্রায় পাঁচ বছর সময় লাগতে পারে। সংস্কার শেষ হলে ইউনিট দুটির পূর্ণ ১০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব হবে। এতে বড় ধরনের যান্ত্রিক ত্রুটির ঝুঁকি কমার পাশাপাশি কেন্দ্রটির দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত হবে।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে সক্ষমতা ফেরাতে ৮৭০ কোটি টাকার প্রকল্প
দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিটের পূর্ণ উৎপাদন সক্ষমতা ফিরিয়ে আনতে ৮৬৯ কোটি ৯৭ লাখ টাকার প্রকল্প প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডি
প্রিয় বাংলাদেশসারা দেশ


