নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাঠজুড়ে আমন ধানের সোনালি সমারোহ। কোথাও পাকা ধান কাটছেন কৃষক, কোথাও চলছে মাড়াই ও ঘরে তোলার প্রস্তুতি। ঠিক এমন সময় টানা তিন দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। বৈরী আবহাওয়ায় ফসল ঘরে তোলার আনন্দে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া।
শনিবার (২২ নভেম্বর) ভোররাতের বৃষ্টিতে উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন মাঠে থাকা পাকা ও কাটা ধান ভিজে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। আবহাওয়ার এমন অনিশ্চয়তায় একদিকে দ্রুত ফসল ঘরে তোলার তাড়া, অন্যদিকে ফসল নষ্ট হওয়ার শঙ্কা—সব মিলিয়ে উৎকণ্ঠায় কাটছে তাদের সময়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নিয়ামতপুর উপজেলায় ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এ মৌসুমে আমন ধানের সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৮২০ মেট্রিক টন, যা হেক্টরপ্রতি গড়ে ৫ দশমিক ৭২ মেট্রিক টন।
কৃষকদের আশঙ্কা, সময়মতো রোদ না পেলে ভেজা ধানের রং নষ্ট হওয়া, ধানে অঙ্কুরোদগম এবং গুণগত মান কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। একদিকে উৎপাদন খরচ, শ্রমিক সংকট ও ধানের কম দাম, অন্যদিকে বৃষ্টির কারণে ফসলের ক্ষতির আশঙ্কা—সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা। প্রতিকূল আবহাওয়ার শঙ্কা কাটিয়ে কষ্টে ফলানো সোনালি ফসল নিরাপদে গোলায় তোলার অপেক্ষায় নিয়ামতপুরের কৃষকরা।উপজেলার পাঁড়ইল ইউনিয়নের উষ্ঠিপাড়া গ্রামের কৃষক মোতাহের আলী বলেন,এ বছর প্রায় এক একর জমিতে আমন ধানের আবাদ করেছি। সব ধান কেটে জমিতে রেখে দিয়েছি। বৃষ্টির কারণে ধান ঠিকমতো ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে চিন্তায় আছি। সরকার নির্ধারিত দামে আমন ধান কিনছে না আড়তদাররা। বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় জমিতে কয়েকবার সেচ দিতে হয়েছে। বাজারে ধানের দাম নেই, অথচ উৎপাদন খরচ অনেক বেশি।ভাবিচা গ্রামের কৃষক এনতাজ আলী বলেন, “মাঠের পাকা ধান সময়মতো ঘরে তুলতে না পারলে ফসলের পাশাপাশি গুণগত মানও নষ্ট হবে। এমনিতেই ধানের দাম কম, শ্রমিক পাওয়া যায় না। উৎপাদন খরচও দ্বিগুণ হয়ে গেছে।নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ বছর উপজেলায় ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। বর্তমানে ফসল কাটা চলমান রয়েছে। আশা করছি, দু-এক দিনের মধ্যেই আবহাওয়া অনুকূলে ফিরে আসবে। বৃষ্টিতে উৎপাদনের তেমন একটা ক্ষতি হবে না বলে আশা করছি।




