যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। দীর্ঘমেয়াদি স্থায়ী সমাধানের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ কৃষিজমি চাষাবাদের উপযোগী করার পরিকল্পনা নিয়েছে সরকার।
শনিবার (২৮ নভেম্বর) যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ভবদহের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) কার্যক্রম গুরুত্বপূর্ণ। তবে স্থায়ী সমাধানের অপেক্ষায় বছরের পর বছর কৃষিজমি অনাবাদি রাখা সম্ভব নয়। তাই বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সহযোগী প্রকল্প বাস্তবায়ন করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ জমি আবার চাষের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, ভবদহের সমস্যা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এলাকার মানুষের দুর্ভোগ নিরসনে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উদ্যোগ নেওয়ার আগ্রহ রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর যেসব প্রকল্প গুরুত্ব পেয়েছে, তার মধ্যে ভবদহের জলাবদ্ধতা নিরসন অন্যতম।
মন্ত্রী জানান, বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা নিরসন ও সেচব্যবস্থার উন্নয়নে ২৯৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচসুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে অতিরিক্ত ৭০ হাজার ৬০৯ মেট্রিক টন খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভবদহের কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এ অঞ্চলের মাটি অত্যন্ত উর্বর। বিশেষ করে রসুন উৎপাদনের ব্যাপক সুযোগ রয়েছে। অনাবাদি জমি চাষের আওতায় আনা গেলে দেশে রসুনের উৎপাদন বাড়বে এবং আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ সম্পর্কে অবগত। জনগণের কল্যাণ নিশ্চিত করতে সরকার এ সমস্যা সমাধানে কাজ করতে চায়। অতীতের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে স্থানীয় মানুষের মতামত ও পরামর্শের ভিত্তিতে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা থাকলে কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, কৃষি সচিব মো. সেলিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভা শেষে কৃষিমন্ত্রী প্রকল্প এলাকার ভবদহ বিল পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানকার জলাবদ্ধতা পরিস্থিতি ও পানি নিষ্কাশন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।




