যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তি কমাতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আধুনিক লাগেজ স্ক্যানার স্থাপনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ইমিগ্রেশন চেকপোস্টে নির্মাণ করা হবে যাত্রী ছাউনি এবং স্থাপন করা হবে হেলথ স্ক্রিনিং সেন্টার।
শনিবার (২১ নভেম্বর) রাতে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে এসব পরিকল্পনার কথা জানান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান।
তিনি জানান, যাত্রীদের লাগেজ পরীক্ষায় আধুনিক স্ক্যানার বসানোর প্রস্তাব দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব স্থলবন্দরে এ প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে।
চেয়ারম্যান বলেন, জিরো পয়েন্টের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণে দুই দেশের সম্মতি প্রয়োজন। তাই বিকল্প জায়গায় প্রয়োজনীয় অবকাঠামো তৈরির সম্ভাবনা যাচাই করা হচ্ছে।
পরিদর্শনকালে তিনি বন্দরের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ব্যবসায়ী ও বন্দরসংশ্লিষ্ট সংগঠনগুলোর অভিযোগ ও সমস্যাও শোনেন। বিধি অনুযায়ী সেগুলো সমাধানের আশ্বাস দেন তিনি।



