রংপুরের বদরগঞ্জে চোর সন্দেহে মকবুল হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে। রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন মকবুলকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পলিপাড়া মৌবির ডাঙ্গা গ্রামের সবুজ শেখের ছেলে।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুই জানান, পুলিশ মকবুল হোসেনকে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে মারধর করেন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।