বিনা মূল্যে সিগারেট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে নেত্রকোনার কেন্দুয়ায় এক মুদি দোকানিকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ দোকানি মো. ইব্রাহিম খলিল (৩৫) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহিতপুর বাজারের কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কের পাশে ‘ইসরাত জাহান স্টোর’ নামে মুদি দোকান চালান ইব্রাহিম খলিল। বৃহস্পতিবার রাতে একই গ্রামের সুমন তার কাছে বিনা মূল্যে সিগারেট চান। ইব্রাহিম সিগারেট দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন দোকানে বিক্রির জন্য রাখা পেট্রল ইব্রাহিমের ওপর ও দোকানের ভেতরে ছিটিয়ে গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। পরে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আগুনে ইব্রাহিমের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার ভাই মো. লাদেন মিয়া জানান, ইব্রাহিমের অবস্থা সংকটাপন্ন। আগুনে দোকানের প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
ঘটনার পর কেন্দুয়া থানা পুলিশ অভিযান শুরু করে। প্রত্যক্ষদর্শীদের তথ্য ও মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাত ১২টা ৫০ মিনিটের দিকে পার্শ্ববর্তী সহিলাটি গ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তার সুমনকে শুক্রবার দুপুরে জেলা আদালতে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহিতপুর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিগারেট না দেওয়ায় দোকানিকে পেট্রল ঢেলে আগুন, যুবক গ্রেপ্তার
বিনা মূল্যে সিগারেট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে নেত্রকোনার কেন্দুয়ায় এক মুদি দোকানিকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ দোকানি মো. ইব্রাহিম খলিল (৩৫) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
প্রিয় বাংলাদেশসারা দেশ


