শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে চোরাচালানের মাধ্যমে দেশে আনার সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ওষুধের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২ হাজার টাকা।
রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার গারোপাড়া সীমান্ত এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়ে অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা কৌশলে ভারতীয় ওষুধ সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ওষুধগুলো উদ্ধার করা হয়।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে মাদকসহ সব ধরনের অবৈধ পণ্য পাচার এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদারের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।