কুমিল্লা জেলায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধীদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ৬২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার পর জেলার ১৮টি থানায় একযোগে অভিযান শুরু হয়ে রাত দেড়টা পর্যন্ত চলে।কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীও রয়েছে। তাদের পূর্বের কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কি না, তা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধে কিশোর ও উঠতি বয়সী তরুণদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। বিশেষ করে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও তরুণদের উৎপাতের অভিযোগ রয়েছে—এমন এলাকাগুলোকে অভিযানের আওতায় নেওয়া হয়েছে।জেলার বিভিন্ন থানায় আটক ব্যক্তিদের মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৭৫ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪৬, বুড়িচংয়ে ৫০, মনোহরগঞ্জে ৪১, দাউদকান্দিতে ৫৯ এবং লাকসামে ৩৫ জন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, আটক ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী কারা, সেটিও যাচাই করা হচ্ছে। অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদের সতর্ক করে অভিভাবকের জিম্মায় দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।আটকের খবর পেয়ে রাতেই বিভিন্ন থানার সামনে অভিভাবকদের ভিড় দেখা যায়। অনেক অভিভাবক গভীর রাত পর্যন্ত সন্তানদের বিষয়ে খোঁজ নিতে থানার বাইরে অপেক্ষা করেন।

সম্প্রতি ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়। এরপরই জেলার বিভিন্ন এলাকায় পুলিশের এ বিশেষ অভিযান চালানো হলো।