টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় মো. রাজিব হোসেন নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) ভোররাত ২টার দিকে উপজেলার এলেঙ্গা এলাকায় শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে এ ঘটনা ঘটে।
নিহত রাজিব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাসিন্দা। তিনি কুড়িগ্রাম থেকে বালুবোঝাই ট্রাক নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে ট্রাক থামিয়ে প্রস্রাব করতে নিচে নামেন রাজিব। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।
কালিহাতী থানার ওসি কাইয়ুম খান জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।