দুর্গাপূজায় মাদক সেবন করে নাচানাচি বা মাতলামি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি বলেন, এমন কাউকে পুলিশ আটক করে মেডিকেল টিমের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আইনের আওতায় আনবে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, পূজামণ্ডপে কেউ মাদক সেবন করে পরিবেশ নষ্ট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গুরুত্বপূর্ণ ও শহরকেন্দ্রিক পূজামণ্ডপগুলোতে বাড়তি নজরদারি থাকবে। প্রতিমা তৈরির সময়ও নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক থাকতে হবে। ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো উল্লেখ করে তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা করলে পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, পূজায় কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম খোলা হবে। গুজব ও অতিরঞ্জিত তথ্য ছড়ানো থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এবার ফেনী জেলায় ১৫৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গতবারের চেয়ে তিনটি বেশি।