‘সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যে শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বানে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা টগর। কর্মসূচিতে প্রায় ৭০ জন অংশ নেন। একই কর্মসূচি দেশের ৫৭টি জেলা শাখায় অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এটি বাস্তবে নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। ধর্মীয় বিদ্বেষ, উসকানিমূলক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা ছড়ানোর প্রবণতা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে প্রতিমা ভাঙচুর ও সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দুর্গাপূজায় নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, সব নাগরিকের ধর্মীয় অধিকার ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাম্প্রদায়িক সহিংসতার পেছনে ধর্মীয় কারণের পাশাপাশি জমি দখল, ব্যক্তিগত বিরোধ ও রাজনৈতিক-সামাজিক প্রভাবের মতো কারণও থাকতে পারে। এসব বিষয়ে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদে পালনের পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।




