বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে প্রতিটি ধর্মীয় উৎসব সবার অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে পালিত হয় বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।
তিনি বলেন, সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রেখে ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপন করতে হবে। এ জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উৎসব উদযাপন কমিটি এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
শনিবার (১৪ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও শুভ কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপেন দেওয়ান বলেন, সম্প্রীতি, সৌহার্দ্য ও নিরাপত্তার পরিবেশ বজায় রেখে রাঙ্গামাটির সব ধর্মীয় উৎসব সফল ও আনন্দমুখর হবে বলে তিনি আশাবাদী।
জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনসহ পূজা উদযাপন পরিষদ ও কঠিন চীবর দান উৎসব উদযাপন কমিটির নেতারা।




