মুন্সীগঞ্জের গজারিয়ায় একই দিনে পৃথক ঘটনায় এক ব্যক্তি ও এক কিশোরের মৃত্যু হয়েছে। দুজনই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) সকাল ও বিকেলে উপজেলার ভবেরচর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে কলিমউল্লাহ কলেজ সড়ক এলাকার বাসিন্দা আব্দুল হান্নান ঢালী (৫১) কীটনাশকজাতীয় ট্যাবলেট সেবন করেন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ভবেরচর গ্রামের মৃত ইব্রাহিম ঢালীর ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য, হান্নান পারিবারিক ঋণের চাপে ছিলেন। ঋণের বোঝা সামলাতে না পেরে হতাশা থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে তাদের ধারণা।
অন্যদিকে, বিকেল ৩টার দিকে ভবের মধ্যপাড়া জামে মসজিদ মহল্লায় রাহিম (১৪) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার আক্তার হোসেনের ছেলে। পরিবারের বরাতে জানা গেছে, মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে আবদার করেছিল রাহিম। পরে কিনে দেওয়ার আশ্বাস পেলেও বিলম্ব হওয়ায় সে হতাশ হয়ে পড়ে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
গজারিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সাব্বির হোসেন জানান, প্রাথমিকভাবে দুজনের মৃত্যুই আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।