দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে চলেছে চট্টগ্রামের চন্দনাইশবাসীর। পটিয়া-চন্দনাইশ (বৈলতলী) সড়কের ১৩তম কিলোমিটারে জরাজীর্ণ আবদুল বারী হাট সেতুর নির্মাণকাজ পুরোদমে চলছে।
সরেজমিনে দেখা যায়, সেতুর নির্মাণকাজে শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুটি চালু হলে উপজেলার অন্তত ৩০টি গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।
জরাজীর্ণ সেতুর কারণে দীর্ঘদিন ধরে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্তমানে নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, সেতুটি চালু হলে আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহন সহজ হবে। তাঁরা দ্রুত নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন।
গত ২৬ আগস্ট সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ হলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার স্থায়ী সমাধান হবে।