নতুন মজুরি বোর্ড গঠন করে আগামী ডিসেম্বরের মধ্যে ন্যায্য মজুরি ঘোষণা ও বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বন্ধ কারখানা চালু, বেআইনি ছাঁটাই বন্ধ এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে সাভারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় সাভার বাসস্ট্যান্ডের রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও ‘শ্রমজীবী ঐক্য পরিষদ’ এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন। প্রধান অতিথি ছিলেন শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের ছয় দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা জানান।
সমাবেশে বক্তারা অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন করে পোশাক শিল্পসহ সব খাতের শ্রমিকদের জন্য বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি নির্ধারণ ও ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং শ্রমিকদের জন্য সুলভ মূল্যে স্থায়ী রেশন ব্যবস্থা চালুর দাবি করা হয়।
এ ছাড়া বন্ধ কারখানা দ্রুত চালু, বেআইনি ছাঁটাই ও শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, হামলা-মামলা ও নির্যাতন বন্ধ এবং বকেয়া বেতন-ভাতা ও আইনানুগ সব পাওনা পরিশোধের দাবি জানানো হয়। নারী শ্রমিকদের জন্য ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি ঘোষণার দাবিও তুলে ধরা হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন কবির, আবু কালাম হোসেন, আলী আকবর খান, আব্দুল মজিদ পাটোয়ারী, রাসেল প্রামাণিক, সাদিয়া রহমান হ্যাপি, মাহমুদা হোসেন মিলি, মো. আজম খান, হাসিনা ও সেলিনা হুসাইনসহ শ্রমিক নেতারা। সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রানা প্লাজার সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।