খেলাধুলার প্রসার ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শনিবার দিনাজপুর সরকারি কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা’র রংপুর বিভাগীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াবিদদের পেশাগত স্বীকৃতি ও ক্রীড়া খাতের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ৩০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যে আরও খেলোয়াড় ও কোচকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
তিনি জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিত ৩০৬ জন উদীয়মান অ্যাথলেট বর্তমানে বিকেএসপিতে প্রশিক্ষণ নিচ্ছেন। দেশজুড়ে ‘স্পোর্টস ভিলেজ’ ও প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাও রয়েছে। দিনাজপুর বিকেএসপিকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ‘আর্ন’ প্রকল্পের মাধ্যমে দেশের ৯ লাখ যুব ও যুব নারীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যার আওতায় দিনাজপুরের ১০টি উপজেলাও থাকবে।
তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান। তাঁর মতে, খেলাধুলার সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণদের মাদক ও নানা অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।