রংপুরের ইতিহাস লেখক ও সাবেক ছাত্রনেতা শাহ রিয়াদ আনোয়ার শুভর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ জোহর রংপুর কেরামতিয়া জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে সহপাঠী, রাজনৈতিক সহযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
জানাজা শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে মুন্সিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর নগরীর সার্কিট হাউসসংলগ্ন নিজ বাসভবনে অসুস্থতাজনিত কারণে তিনি মারা যান।
১৯৭৩ সালের ২৫ নভেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন শাহ রিয়াদ আনোয়ার শুভ। তার বাবা অ্যাডভোকেট শাহ আনোয়ারুল হক আনু ছিলেন ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক। মা উম্মে হাবিবা জাকিয়া হক ছিলেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা। রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী শুভ ছাত্রজীবনে প্রগতিশীল ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
রংপুরের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখির জন্য তিনি পরিচিত ছিলেন। ২০২৩ সালের ডিসেম্বরে ফকির-সন্ন্যাসী বিদ্রোহ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তার লেখা ‘রণভূমির রংপুর’ বইটি প্রকাশিত হয়। তার মৃত্যুতে রংপুরের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।




