নেত্রকোনার বারহাট্টায় সড়কের ওপর ইট, বালু, পাথরসহ নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে পাঁচজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ অক্টোবর) উপজেলার গোবিন্দপুর বাজারে অভিযান চালিয়ে পাঁচটি মামলায় মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, গোবিন্দপুর বাজারের বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে নির্মাণসামগ্রী ফেলে রাখায় যানবাহন ও পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছিল। এদিন আকস্মিক অভিযান চালিয়ে মহাসড়ক আইন, ২০২১-এর সংশ্লিষ্ট ধারায় পাঁচজনকে জরিমানা করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকানপাট দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বাজারের যানজট কমাতে চাল ও ধানের গুদাম মালিকদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৮টার মধ্যে গুদামের মালামাল ওঠানো-নামানোর কাজ শেষ করতে হবে।
এ ছাড়া গোবিন্দপুর বাজারের এলপিজি ডিস্ট্রিবিউটর ‘মেসার্স বিশাল এন্টারপ্রাইজ’-এর গুদামও তদারকি করা হয়। তবে সেখানে নতুন কোনো চালান না থাকায় শুধু খালি সিলিন্ডার পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম বলেন, সড়কে নির্মাণসামগ্রী রাখায় যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। জননিরাপত্তা ও বাজারের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।