বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে কথিত স্বেচ্ছাসেবক দল নেতা মিরাজুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে পুলিশ সদস্য ও এক নারীসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল এ অভিযান চালায়। আটক ব্যক্তিরা হলেন মিরাজুল ইসলাম, বরিশাল বিমানবন্দর থানার এএসআই দেলোয়ার হোসেন, নাহিদ হাসান (২৬) ও ফাতেমা আক্তার নুরতাজ (৩০)।
ডিএনসি সূত্রে জানা যায়, পাঁচগাঁও গ্রামের মিরাজুলের টিনশেড বাসাটি ঘিরে অভিযান চালানো হয়। এ সময় বাসায় থাকা ব্যক্তিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও তারা পালানোর চেষ্টা করেন। পরে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বড় কোনো মাদকের চালান না পাওয়া গেলেও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সূর্যের আলো ফোটার পর এএসআই দেলোয়ার হোসেন বাসার টিন ভেঙে বাইরে লাফিয়ে পড়েন। এ সময় ডিএনসি কর্মকর্তারা তাকে আটক করতে গেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে তাকে অন্য তিনজনের সঙ্গে আটক করা হয়।
ডিএনসি সূত্র আরও জানায়, আটক এএসআই দেলোয়ার হোসেনকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
ডিএনসির উপপরিচালক খোরশেদ আলম বলেন, বিমানবন্দর থানার পরিদর্শক ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এএসআই দেলোয়ার হোসেনকে তার জিম্মায় নিয়ে গেছেন।




