পাবনার বেড়া পৌর এলাকায় টানা তিন দিনের সংঘর্ষের পর পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। তবে সংঘাতের রেশ কাটেনি। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার উদ্বেগে রোববার (২২ নভেম্বর) পৌর এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে নজরদারি অব্যাহত রয়েছে।
রবিবার ( ২২ নভেম্বর)  সকালে বেড়া বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের লোকজন মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে দুপুরের দিকে সাঁথিয়া ও বৃশালিখা মহল্লায় পুলিশ মোতায়েন থাকায় নতুন করে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। বাসস্ট্যান্ডের ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে, সংঘর্ষের ঘটনায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটক ব্যক্তিরা হলেন বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লার মৃত মোকাদ্দেস হোসেনের ছেলে মোখলেছুর রহমান (৫৫), মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে রফিকুল ইসলাম (৪৫), সাঁথিয়াপুর মহল্লার মৃত সুলতান সরকারের ছেলে সালাম সরকার (৭১) এবং আব্দুল মালেক সরকারের দুই ছেলে সাব্বির হোসেন (২৭) ও রাব্বি হাসান (২৩)। পুলিশের দাবি, তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক।
বেড়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এর আগে সংঘর্ষের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার রাতে এ আদেশ দেওয়া হয় বলে জানান পাবনার পুলিশ সুপার আবু আশরাফ। তিনি বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে বেড়া পৌর এলাকার সাঁথিয়াপুর, পায়না, বৃশালিখা ও হাতিগাড়া মহল্লায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতেও আগুন দেওয়া হয়। পরদিন শুক্রবারও বিভিন্ন এলাকায় উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়া অব্যাহত ছিল।
শনিবার সকাল ১১টা থেকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। গুরুতর আহত জিসান (১৫) নামে এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তবে আহতদের প্রকৃত সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষের পর বিভিন্ন বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে এখনো তালিকা তৈরির কাজ শেষ হয়নি। ঘটনার স্থানে ইট-পাটকেল ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনেও গাছের ডাল, বাঁশ ও টিন দিয়ে ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ড চাকমা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশ প্রশাসন দেখভাল করছে। প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন এলাকা পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। আহত ও ভাঙচুর-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির পরিবেশ এখনো পুরোপুরি তৈরি হয়নি। তবে আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে।