ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও আশপাশের ১৫ থেকে ২০টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে পৌর শহরের ঝলমল সিনেমা হলে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সিনেমা হলের পাশে থাকা এলপিজি সিলিন্ডারের গোডাউন, ডেকোরেশন ও পুরোনো কাপড়ের দোকানসহ বেশ কয়েকটি দোকান পুড়ে যায়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলপিজি সিলিন্ডারের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা হয়নি। ঝলমল সিনেমা হলটি একটি পুরোনো জমিদার বাড়িতে পরিচালিত হয়ে আসছিল।




