মাঠ প্রশাসনের বাস্তব কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেছেন বিভিন্ন ক্যাডারের ১৫ জন নবীন বিসিএস কর্মকর্তা।
সাভারের বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) আয়োজিত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষার অংশ হিসেবে রবিবার (৪ অক্টোবর) দুপুরে তারা এ পরিদর্শনে আসেন।
দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ (পিপিএম)।
পরে নবীন কর্মকর্তাদের নেত্রকোনার ইতিহাস-ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান ও জনসেবামূলক কার্যক্রম তুলে ধরা হয়।
এ সময় প্রশ্নোত্তর পর্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ। তিনি পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের কার্যক্রম তুলে ধরেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।