লালমনিরহাট সদর উপজেলায় ট্রাকের সঙ্গে গরুবাহী নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছে একটি গরুও। রোববার (২২ নভেম্বর) ভোরে রংপুর-বড়বাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সকাল ৬টার দিকে ফকিরের তকেয়া বাজার ও বসুনিয়াবাড়ী এলাকার মধ্যবর্তী স্থানে কুড়িগ্রাম থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে যায়।
নিহত দুজন হলেন গরু ব্যবসায়ী ফজলুল হক (৫০) ও মোটরসাইকেল আরোহী এমদাদুল হক (৫০)। ফজলুল হক পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া মৌজার খোঁড়াগাছ এলাকার মনজুর আলীর ছেলে। অপর নিহত এমদাদুল একই ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকার আব্দুস সোবাহানের ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় ফজলুল হক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত এমদাদুল হককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় নছিমনে থাকা একটি গরুও মারা যায়।
লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল ইসলাম জানান, ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তিও হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
থানার এসআই খাদিমুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। নিহত ফজলুল হকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।