ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা কলেজপাড়া এলাকায় এক শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাড়ির লোকজন বাইরে থাকার সুযোগে তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোরেরা। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যার আগে আল-হিকমাহ এনলাইটেন্ড স্কুলের পরিচালক মিজানুর রহমানের বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার আগে বাড়ির সবাই বাইরে ছিলেন। এ সুযোগে চোরেরা প্রধান ফটকের তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের দরজা ও আসবাবপত্র এলোমেলো দেখতে পান। পরে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। মিজানুর রহমান বলেন, দীর্ঘদিনের সঞ্চয় ও স্বর্ণালংকার চুরি হয়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন।
রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।