মৎস্য চাষ দেশের জন্য একটি কার্যকর অর্থনীতির খাত হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গৌরনদীতে সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর-জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ শেষে তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, দেশের প্রতিটি পুকুর, জলাশয় ও খাল-বিলকে মৎস্য চাষের উপযোগী করা গেলে এ খাত অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন জনসেবা বিভাগের বার্ষিক কার্যক্রম ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘মিট দ্য প্রেস’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস্য বিভাগ, পল্লী বিদ্যুৎ, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে। এতে সাংবাদিকরা জনগণের কাছে সংশ্লিষ্ট দপ্তরগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারবেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিকসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




