হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।
মঙ্গলবার (৬ অক্টোবর) জারি করা সরকারি আদেশে তার নিয়োগসংক্রান্ত পূর্বের আদেশ বাতিল করা হয়। এতে বলা হয়, ২০২৪ সালের ৫ নভেম্বরের স্মারকের মাধ্যমে মঈনুল হাসান দুলালকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের এপিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ওই নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (জিপি-সিপি) মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত  আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, অনলাইন জুয়া ও ক্যাসিনো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠা রুবেল মিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মঈনুল হাসান দুলালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ নিয়ে সম্প্রতি আলোচনা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।