ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৫ পিস কমলা রঙের ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বালিয়া ইউনিয়নের বড় বালিয়া মণ্ডলপাড়া জামে মসজিদের পাশের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার টিকাপাড়া গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. ফাহিম মোর্শেদ গালিব (৩৩) ও বরুনাগাঁও গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে মো. রানা (৩৫)।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে ১০৫ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভূল্লী থানায় মামলা হয়েছে।
ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, মাদক উদ্ধার ও মাদক মামলার আসামিসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না।